বগুড়া মহানগরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা মামলায় মো. স্বপন (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. স্বপন মহানগরীর কানুছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা।
এর আগে ওইদিন দুপুরে কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রাণী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় মামলাটি করেন।
জানা গেছে, সোমবার দুপুরে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে গিয়ে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। এরপর উপজেলা প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য এমরান হোসেন বলেন, স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ইকবাল বাহার জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/এমএল