জেসিআই ঢাকা ইস্টের সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পাশাপাশি ২০২৬ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে।
গত ২৮ জুন অনুষ্ঠিত সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে সালমা আক্তার হীরা জেসিআই ঢাকা ইস্টের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর কোনো নারী এ চ্যাপ্টারের নেতৃত্ব গ্রহণ করায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান রাজীব। জেনারেল লিগ্যাল কাউন্সেল হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক এলাহী মজুমদার। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রাইনুল ইসলাম ও আহমেদ ইমতিয়াজ সামাদ। এছাড়া ইশা খান সেক্রেটারি জেনারেল, মো. মেহেদী হাসান শুভ কোষাধ্যক্ষ এবং ওমর ফারুক ও মো. জুবায়ের হোসেন লোকাল ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালনা পর্ষদের কর্মকর্তা, সিনেটর, সাবেক জাতীয় ও লোকাল প্রেসিডেন্ট, বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে লোকাল প্রেসিডেন্ট সালমা আক্তার হীরা সদস্যদের প্রতি আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি কার্যকর নেতৃত্ব, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণ নেতৃত্ব বিকাশে অর্থবহ সুযোগ সৃষ্টি করে জেসিআই ঢাকা ইস্টকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্বের একটি বৈশ্বিক অলাভজনক সংগঠন। জেসিআই ঢাকা ইস্ট জেসিআই বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা লোকাল অর্গানাইজেশন হিসেবে নেতৃত্ব উন্নয়ন, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
বিডি-প্রতিদিন/এআইএস