রাজধানীর গেন্ডারিয়ায় অটোরিকশার ধাক্কায় গোলাম মোস্তফা (৫২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মো. শুরু হাওলাদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মোহাম্মদ ইউসুফ জানান, সকালে গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় একটি দ্রুতগতির অটোরিকশা তার বাবার চালানো রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস