মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রজননের সময় এসব জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে দিন দিন কমে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ, আর হুমকির মুখে পড়ছে জলজ জীববৈচিত্র্য।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অভিযান না থাকায় একশ্রেণির অসাধু জেলে প্রকাশ্যে এসব অবৈধ জাল ব্যবহার করছেন। চায়না দুয়ারি জালে ছোট-বড় সব ধরনের মাছের পাশাপাশি মাছের পোনা ও ডিমও আটকা পড়ে। ফলে মাছ বড় হওয়ার আগেই নিধন হচ্ছে এবং স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা বলেন, “বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় অসাধু জেলেরা নির্বিঘ্নে চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন। এভাবে চলতে থাকলে একসময় দেশীয় মাছ হারিয়ে যাবে।”
এ পরিস্থিতিতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বছরজুড়ে কঠোর অভিযান পরিচালনা, জাল জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, “জনবল ও অর্থের সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন