যত্রতত্র উন্নয়নের নামে গত ১৭ বছর অর্থ ব্যয় করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনও ফান্ড সংকটে আছে বলে জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। তবে জনগণের সহযোগিতা দরকার। গত ১৭ বছর যত্রতত্র উন্নয়নের নামে ব্যয় করা হয়েছে। তাই কিছু ফান্ড সংকট আছে।
মঙ্গলবার রাজধানীর বাইশটেকী এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মিরপুরের পানির সমস্যা সমাধানে বেশ কয়েকটি পানির পাম্প নির্মাণ কাজ ৩ থেকে ৪ দিনের মধ্যেই শুরু হবে বলে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, পানির সমস্যা এক দিনে হয়নি। তবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে পানির পাম্প নির্মাণ কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রীর স্লোগান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শনিবারের অঙ্গীকার বাসাবাড়ি করি পরিষ্কার। শুধু সিটি করপোরেশন নয়, জনগণের সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়বহতা কমাতে।
শফিকুল ইসলাম বলেন, ওষুধ দিয়ে ডেঙ্গু দমন হয় না। ডেঙ্গু তৈরি হয় আপনার আমার বাসাবাড়িতে। তাই সচেতন হন, বাসাবাড়ি পরিষ্কার করুন, ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতা করেন। কোথাও পানি জমে থাকলে সিটি করপোরেশনকে জানান।
বিডি-প্রতিদিন/শআ