রাজধানীর যাত্রাবাড়ীতে একটি স্কুলের শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ফাতেমা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি সোমবার (২৯ জুন) যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঘটে।
আহত অবস্থায় সহপাঠী ও স্বজনরা ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।
ফাতেমা নোয়াখালীর চাটখিল উপজেলার মমিনপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বর্তমানে সে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করত।
নিহতের বাবা লুৎফর রহমান জানান, ফাতেমা শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ক্লাস চলাকালে মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের পরিবারের কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল