কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) অশ্রুজলে এলাকার লোকজন চিরবিদায় জানিয়েছেন এই রেমিটেন্সযোদ্ধাদের।
নিহত পাঁচ প্রবাসী হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ।
মঙ্গলবার সকাল পৌনে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতার থেকে পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় তারা কান্নায় ভেঙে পড়েন। এ সময় বিমানবন্দর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে পাঁচটি অ্যাম্বুলেন্সযোগে তাদের মরদেহ কানাইঘাট উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়। জোহরের নামাজের পর কানাইঘাট আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে পাঁচ প্রবাসীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ প্রবাসীসহ ৬ জন নিহত হন।
বিডি-প্রতিদিন/জেডআর