‘সবুজে সুন্দর আগামী’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে আইইউবিএটি শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উত্তরার বিজয়নগর শান্তিনগর পল্লীর চন্দ্রবিন্দু পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উত্তরার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আইইউবিএটির সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইইউবিএটি শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসেন এবং বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সামনান ওলি।
প্রধান অতিথির বক্তব্যে সাদেকুল ইসলাম বলেন, “আজ রোপণ করা একটি গাছই আগামী প্রজন্মের জন্য নির্মল পরিবেশের ভিত্তি হতে পারে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।”
মো. ফরহাদ হোসেন বলেন, “পরিবেশ রক্ষায় সচেতনতার পাশাপাশি বাস্তব উদ্যোগ গ্রহণ জরুরি। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ ধরনের কর্মসূচি তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক দীপ সাহা, নারী বিষয়ক সম্পাদক জাহার কবির, আইটি সেক্রেটারি তানজিল চৌধুরী, কার্যকরী সদস্য আইশা, সায়েম, রাইমুন বিশ্বাস এবং সাধারণ সদস্য মো. শাহনেওয়াজ, সাদিয়া আফরিন দিয়া, ফাইরুজ, তারিকুল ইসলাম, স্নেহাসহ বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তরুণদের সবুজায়ন কার্যক্রমে সম্পৃক্ত করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে দেশব্যাপী এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/টিএ