বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার আনন্দ মোহন কলেজ ডিবেটিং ক্লাবের সহযোগিতায় আনন্দ মোহন কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরের ১০১০১ নম্বর কক্ষে একটি প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার মোশন ছিল- ‘এই সংসদ মনে করে যে, প্রস্তাবিত বাজেটটি বর্তমান অর্থনৈতিক সংকট (ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি) মোকাবিলার চেয়ে বিদেশি ঋণদাতা সংস্থাসমূহ যেমন- আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ও জাইকা -এর শর্ত পূরণ এবং রাজনৈতিক সন্তুষ্টির একটি উচ্চাভিলাষী রূপরেখা মাত্র।’
বিতর্কে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে টিম-১। দলের সদস্য ছিলেন গোলাপ রাণী (রসায়ন বিভাগ), শোভা (গণিত বিভাগ ) ও জোবায়ের (রসায়ন বিভাগ)। বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে টিম-২। দলের সদস্য ছিলেন সুম্মিতা (গণিত বিভাগ ), জেনি (অর্থনীতি বিভাগ ) ও তালহা (পদার্থ বিভাগ)। যুক্তি, তথ্য ও উপস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়ে সরকারি দল বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জেড. এইচ. এম. জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল আল মামুন, মো. নাজমুল হাসান, মাহমুদুল হাসান, সাব্বির ইসলাম এবং শিক্ষার্থী উপদেষ্টা খাদিজা ফেরদৌসী জেনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেড. এইচ. এম. জুয়েল বলেন, “বিতর্ক একজন শিক্ষার্থীর যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”
শিক্ষার্থী উপদেষ্টা খাদিজা ফেরদৌসী জেনি বলেন, “বিতর্কচর্চা শিক্ষার্থীদের মুক্তচিন্তা, গবেষণামনস্কতা এবং যৌক্তিকভাবে মত প্রকাশের সক্ষমতা বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।”
বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন তার বক্তব্যে বলেন, “তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে বিতর্ক একটি কার্যকর মাধ্যম। বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষার্থীদের মেধা ও মানবিক বিকাশে এমন সৃজনশীল কার্যক্রম আয়োজন করে যাবে।”
প্রতিযোগিতা শেষে বিজয়ী সরকারি দলকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিতর্কে অংশগ্রহণকারী সরকারি দল ও বিরোধী দলের সব ছয়জন বিতার্কিককে তাদের অংশগ্রহণ, যুক্তিনির্ভর উপস্থাপনা এবং বুদ্ধিবৃত্তিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে বই উপহার প্রদান করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে নিয়মিত পাঠাভ্যাস ও যুক্তি চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, যুব সাধারণ সম্পাদক নাবিলা কামাল, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদী এবং কার্যকরী সদস্য রুপম রায়, শেফালী ঘোষ, দুর্জয় সরকার ও আতিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিজয়ী সরকারি দলকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের জ্ঞানভিত্তিক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/টিএ