মান নিয়ন্ত্রণের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রত্যাশিত ফল দিতে না পারায় আবারও অভিজ্ঞ মানব প্রকৌশলীদের নিয়োগ দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। খরচ কমানো ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে মান নিয়ন্ত্রণে এআই ব্যবহার শুরু করেছিল।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, স্বয়ংক্রিয় ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাম্প্রতিক বছরগুলোতে ৩০০ জনের বেশি 'অভিজ্ঞ' মান নিয়ন্ত্রণ প্রকৌশলীকে আবার নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি।
ফোর্ডের যানবাহন হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট চার্লস পুন বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা দারুণ একটি প্রযুক্তি। কিন্তু এটি ততটাই কার্যকর, যতটা ভালো তথ্য দিয়ে একে প্রশিক্ষণ দেওয়া হয়।'
তিনি বলেন, 'আগের বছরগুলোতে আমাদের সবচেয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতাকে আমরা যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, ততটা দিইনি।'
ওয়াল স্ট্রিটে এআই নিয়ে বাড়তি আগ্রহের মধ্যে ফোর্ডও এই প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। গত বছরের জুনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জিম ফারলি বলেছিলেন, 'এআই অনেক পেশাদার কর্মীকে টেক্কা দেবে।'
গত বছরের অক্টোবরে ফোর্ডের প্রধান অপারেশন কর্মকর্তা কুমার গালহোত্রা জানান, পুরো শিল্প উৎপাদন ব্যবস্থাজুড়েই এআই ব্যবহার করা হচ্ছে। এর অংশ হিসেবে কারখানাগুলোতে ৯০০টি এআইচালিত ক্যামেরা বসানো হয়েছে, যাতে উৎপাদনের শুরুতেই ত্রুটি শনাক্ত করা যায় এবং সরবরাহব্যবস্থার বিঘ্ন কমানো সম্ভব হয়।
তবে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চার্লস পুন স্বীকার করেন, এআইভিত্তিক মান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি বলেন, 'আমরা ভুল করে ভেবেছিলাম, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করে এবং নকশার তথ্য এতে দিলে এটি নিজেই উচ্চমানের পণ্য নিশ্চিত করতে পারবে।'
তার ভাষ্যমতে, স্বয়ংক্রিয় প্রযুক্তিতে অভিজ্ঞ প্রযুক্তিবিদদের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার ঘাটতি ছিল। এমনকি অনেক অভিজ্ঞ কর্মী প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার আগে তাদের জ্ঞানও এআইকে প্রশিক্ষণ দিতে কাজে লাগানো হয়নি।
পরে এসব অভিজ্ঞ প্রকৌশলীকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন শুধু এআই ব্যবস্থাকে প্রশিক্ষণ দিচ্ছেন না, নতুন প্রকৌশলীদেরও পরামর্শ দিচ্ছেন।
পুন বলেন, 'আমরা বুঝতে পেরেছি, আমাদের স্বয়ংক্রিয় ব্যবস্থা, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়াতে হলে সেগুলোকে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে।'
এআইয়ের সীমাবদ্ধতার কথা স্বীকার করার পাশাপাশি ফোর্ড জানিয়েছে, তারা আবারও যুক্তরাষ্ট্রের জেডি পাওয়ার ইনিশিয়াল কোয়ালিটি স্টাডিতে মূলধারার গাড়ি নির্মাতাদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। ২০১০ সালের পর এই প্রথম প্রতিষ্ঠানটি এ অবস্থানে ফিরল।
বিষয়টি নিয়ে এক বিবৃতিতে ফোর্ড বলেছে, 'শিল্পের সেরা মান অর্জন করতে আমাদের জনবলে বড় পরিবর্তন আনতে হয়েছে।' সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম