২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল নরওয়ে। রাউন্ড অব ৩২ এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে ইউরোপের দলটি। সমতায় ফেরার পরও শেষ দিকে আর্লিং হালান্ডের গোলে বিদায় নিতে হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের।
ডালাস স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের দেখা পায় নরওয়ে। ৩৯ মিনিটে মার্টিন ওদেগারের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন আন্তোনিও নুসা।
বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় আইভরি কোস্ট। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৭৪ মিনিটে নিকোলাস পেপের অ্যাসিস্ট থেকে গোল করে সমতা ফেরান আমাদ দিয়ালো।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নরওয়ের জয়ের মুহূর্ত। ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের পাস থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত সেই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
ম্যাচজুড়ে আইভরি কোস্ট দারুণ চাপ সৃষ্টি করে এবং ১৪টি কর্নার আদায় করে। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে কার্যকর ফুটবল খেলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নরওয়ে।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা চারে নিয়ে গেছেন হালান্ড। গোলদাতাদের তালিকায় তিনি এখন কিলিয়ান এমবাপ্পের সমতায় রয়েছেন। শীর্ষে আছেন লিওনেল মেসি, তাঁর গোল ছয়টি।
বিডি প্রতিদিন/আশিক