বিগত ১০ থেকে ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধের হার কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিসংখ্যানে ধর্ষণের মামলার সংখ্যা বেশি দেখা যাচ্ছে। এর প্রধান কারণ বর্তমানে থানায় গিয়ে বা অনলাইনে অভিযোগ করতে সামাজিক কিংবা রাজনৈতিক কোনো বাধা নেই। ফলে মামলা নথিভুক্তের সংখ্যা বেড়েছে।
গতকাল সংসদ অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি উত্থাপন করা হয়।
পরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা এ বরাদ্দ এক টাকায় নামিয়ে আনার প্রস্তাব দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গত মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ, ২ হাজার ২১৪টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি মামলা হয়েছে। দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটছে বলেও গণমাধ্যমগুলো তথ্য দিচ্ছে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন এমন, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।