সিলেটে দুই সন্তানসহ এক গৃহবধূ ৯ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। নিখোঁজ গৃহবধূ জুলি বেগম (৩৫) সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী। জিডি সূত্রে জানা যায়, ২১ জুন রাতে মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদকে (৩) নিয়ে বাসা থেকে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলে-মেয়ে সঙ্গে নেওয়ার বিষয়টি সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয়েছে পরিবারের সদস্যরা। জলি বেগমের সঙ্গে কোনো ঝগড়া বা মনোমালিন্য ছিল না বলে দাবি করেছেন স্বামী আজাদ মিয়া। জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। বর্তমানে তারা নগরের উপশহর এলাকায় থাকতেন।
জিডির তদন্তে থাকা দক্ষিণ সুরমা থানার এসআই মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমি নিখোঁজ গৃহবধূর বাবার বাড়িতে গিয়ে আলাপ করেছি। তারাও খোঁজাখুঁজি করছেন। তবে এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি।