চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি ও বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে কালো পতাকামিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বাদামতলী মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। স্কপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখা শ্রমিক নেতাদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটি ও সিসিটি দেশের কৌশলগত ও অর্থনৈতিকভাবে অতি গুরত্বপূর্ণ স্থাপনা। এগুলো দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে রাষ্ট্রের আর্থিক স্বার্থ, কর্মসংস্থান এবং জাতীয় নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব সক্ষমতায় পরিচালিত হয়েও রাষ্ট্রকে উল্লেখযোগ্য হারে রাজস্ব দিচ্ছে। এমন পরিস্থিতিতে লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।