বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে জমে উঠেছে নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ। প্রথমার্ধে এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে পারেনি নরওয়ে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে আমাদ দিয়াল্লোর গোলে ১-১ সমতায় ফিরেছে আইভরি কোস্ট।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে ৩৯ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। মার্টিন ওদেগার্ডের বাড়ানো বল থেকে গোল করেন আন্তোনিও নুসা।
বিরতির পর সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়ায় আইভরি কোস্ট। ৬০ মিনিটে মাঠে নামানো হয় আমাদ দিয়াল্লোকে। সেই বদলই বড় পার্থক্য গড়ে দেয়।
৭৪ মিনিটে নিকোলাস পেপের দারুণ অ্যাসিস্ট থেকে জালে বল পাঠিয়ে ১-১ সমতা ফেরান দিয়াল্লো।
এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। নরওয়ে একাধিক পরিবর্তন এনে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে, অন্যদিকে আইভরি কোস্টও পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে।
ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত স্কোর ১-১। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে।
বিডি প্রতিদিন/আশিক