দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমানো হয়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম কমে যাওয়ায় সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম আরও ৩৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। আগে দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
গতকাল সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এর আগে গত সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফায় ভালোমানের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ৬৫৯০ টাকা কমেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা করা হয়। আগে দাম ছিল ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়। আগে দাম ছিল ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে দাম ছিল ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা। অন্যদিকে, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪২৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৩৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ২৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও রুপার গহনা কেনার ক্ষেত্রে আগের নিয়ম বহাল রয়েছে। অর্থাৎ নির্ধারিত দামের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।