বগুড়া নগরীর কানছগাড়ী এলাকায় একটি কুকুরকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে মো. স্বপন (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বকশীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন কানছগাড়ীর পুকুরপাড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, সোমবার দুপুরে কানছগাড়ী এলাকায় ধারালো বস্তু দিয়ে কুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন স্বপন। পরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন কুকুরটিকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। এরপর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এ ঘটনায় এমরান হোসেন বগুড়া সদর থানায় মামলা করেন। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।