অর্থবছরের শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার সঙ্গে বড় উত্থান হয়েছে সূচকের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান।
লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৯৪টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংকের শেয়ার। প্রতিটি ৮০ পয়সা কমে ৬৫ টাকা ৫০ পয়সায় কোম্পানিটির ৭৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬১ প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির দাম বেড়েছে।