মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায় ৭০ বছর বয়সি অজ্ঞাত এক বৃদ্ধকে ফেলে যান তার ছেলে ও পুত্রবধূ। দুই দিন রাস্তায় মানবেতর জীবনযাপনের পর অবশেষে সোমবার রাতে স্থানীয়দের উদ্যোগে হাসপাতালে ঠাঁই মিলেছে তার। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, পানিছত্র এলাকায় লিগ্যাল এইড-সংলগ্ন সড়কে অসহায় অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধ। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, অসুস্থতা আর দুর্বলতায় তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। পথচারীরা কেউ খাবার, কেউ পানি দিয়ে সহায়তা করলেও তার পাশে দাঁড়ানোর মতো কোনো স্বজনের দেখা মেলেনি। সোমবার রাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় লোকজন ও সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সাইফ বলেন, কে বা কারা এই বৃদ্ধকে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন। তিনি স্পষ্ট করে কথাও বলতে পারেন না। আমরা চাই, তার স্বজনদের দ্রুত খুঁজে বের করা হোক। যদি স্বজনের সন্ধান না মেলে তাহলে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিক।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কাঁপা কণ্ঠে দাবি করেন, ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করত। একপর্যায়ে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
তবে তিনি নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের নির্ভরযোগ্য কোনো তথ্য স্পষ্টভাবে জানাতে পারেননি।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার বলেন, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের মাধ্যমে একজন অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধের ছবি প্রকাশ করে তার পরিচয় এবং স্বজনদের খোঁজ করার চেষ্টা করছেন।