বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের সামনে দাঁড়িয়েছে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাস কখনোই স্বস্তির নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার শেষ ষোলোয় নরওয়ে। আন্তর্জাতিক ফুটবলে একাধিকবার মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে আজও কোনো জয়ের দেখা পায়নি ব্রাজিল।
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে ডালাসের এ টি অ্যান্ড টি স্টেডিয়ামে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। আর তাতেই ব্রাজিলের সঙ্গে তাদের বহুল আলোচিত লড়াইও নিশ্চিত হয়েছে।
ম্যাচের ৩৯ মিনিটে মার্টিন ওডেগার্ডের বাড়ানো বলে আন্তোনিও নুসা গোল করে নরওয়েকে এগিয়ে দেন। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের অ্যাসিস্ট থেকে আর্লিং ব্রট হালান্ড জয়সূচক গোল করে নরওয়েকে শেষ ষোলোয় তুলে নেন।
এর আগে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এমন এক প্রতিপক্ষের, যাদের বিপক্ষে ইতিহাস মোটেও সুখকর নয়।
এ পর্যন্ত ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হয়েছে চারবার। এর মধ্যে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল এখনো নরওয়েকে হারাতে পারেনি।
দুই দলের মুখোমুখি ইতিহাস
- ১৯৮৮ সালে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র
- ১৯৯৭ সালে প্রীতি ম্যাচে নরওয়ের ৪-২ গোলের জয়
- ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের ২-১ গোলের জয়
- ২০০৬ সালের প্রীতি ম্যাচে ১ ১ গোলে ড্র
বিশেষ করে ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের জয়টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। সেই স্মৃতি নিয়েই আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল।
এদিকে রাউন্ড অব ৩২ এর অন্য ম্যাচগুলোতে টাইব্রেকারে জার্মানিকে বিদায় দিয়েছে প্যারাগুয়ে। একইভাবে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।
বিডি প্রতিদিন/আশিক