ইয়াবাসহ আটক ব্যক্তির পরনে থাকা আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর ঘটনায় বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। গতকাল পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে শোকজ করা হয়। এর আগে সোমবার বিকাল পৌনে ৫টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি রাসেল হাওলাদারকে (৩৫) আটক করে কাউনিয়া থানার পুলিশ।
পুলিশ জানায়, আটকের সময় রাসেলের পরনে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। পরে কাউনিয়া থানার পুলিশ তার জার্সি উল্টো করে ছবি তুলে মিডিয়া সেলে পাঠায়। এরপর এআই প্রযুক্তির মাধ্যমে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি পরিয়ে সেই ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয়। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও ছবি পরিবর্তনের অভিযোগ তোলেন।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য মিডিয়া সেল হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ইমেইলে পুনরায় পাঠানো হয়।
এ ঘটনায় এসআই তানজিল আহমেদ জানান, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। মিডিয়া সেলের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, কমিশনারের নির্দেশে এসআই তানজিলকে শোকজ করা হয়েছে।
পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।