শাশুড়ি হত্যার ১৯ বছর পর নিজের স্ত্রী দুলালী বেগমকে এবার হত্যা করেছে ঘাতক স্বামী। শাশুড়ি হত্যা মামলায় ওই ঘাতক স্বামী এতদিন কারাগারেই ছিলেন। তবে স্বামী ও তার পরিবারের অনুরোধের ঢেঁকি গিলে ঘাতক স্বামীকে কারাগার থেকে জামিন করিয়েছিলেন স্ত্রী নিজেই।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্ধগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যারদিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দুলালী বেগমের (৫০) বুকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে স্বামী বিরাজ। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালী। অবস্থা বেগতিক দেখে পাশের জমিতে আত্মগোপন করেন বিরাজ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘাতক বিরাজ মিয়াকে (৬৫) স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০০৭ সালে বিরাজের বিরুদ্ধে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা হয়। সেলিনা বেগমের ভাই মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় কারাগারে থাকাকালে স্ত্রী দুলালী বেগম তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন। দুলালী বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। গ্রেপ্তার বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তিনি জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অভিযুক্ত বাবা বিরাজ মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।