রাজধানীর বনানীতে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আহত সুমন মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার রাতে মহাখালী ওয়্যারলেস গেট শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়ার জেরে কথা কাটাকাটি হয়। পরে সুমন, তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেলকে (৪০) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহত সোনিয়া ও রাসেল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বনানী থানার এসআই জানে আলম। স্থানীয়রা বলছে, মাদকের পাওনা টাকার জেরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ বলেছে, শুক্রবার রাতে মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় পাওনা টাকা চাওয়ার জেরে আরিফসহ ৮-১০ জন মিলে তাদের মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
জানা গেছে, সুমন পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে থাকতেন। আরিফের কাছে ২ লাখ টাকা পেত আহত সোনিয়া। ওই টাকা নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটে।