দেশে বাঘ, বাইরে বিড়াল; টাইগার ক্রিকেট দলকে এখন বলাই যায়। ঘরের মাটিতে পাকিস্তান, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। অথচ জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে। পাঁচ দিনের টেস্ট তিন দিনে হেরেছে ইনিংস ও ৮৫ রানে। টেস্টে এতটাই বাজে ব্যাটিং করেছেন নাজমুলরা, দুই ইনিংসে একবারও দুই শ’র ঘর পেরোতে পারেনি। প্রথম ইনিংসে ১৪০ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছে ১৮৫।
প্রথম ইনিংসে ব্যাটিং করেছে ৪৭.২ ওভার এবং দ্বিতীয় ইনিংসে ৪৫ ওভার। হারারে টেস্টের দুই ইনিংস মিলিয়ে একটি মাত্র হাফ সেঞ্চুরির ইনিংস মুমিনুল হকের, ৬০ রান প্রথম ইনিংসে। হারারের সবুজ ঘাসের উইকেটে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪০ রান করে। মুমিনুলের ৬০ রান ছাড়া রয়েছে সাদমানের ২০ ও নাজমুলের ১৯ রান। প্রথম ইনিংসে এতটাই বাজে ব্যাটিং করেছে নাজমুল বাহিনী, শেষ ৭ উইকেট হারায় মাত্র ২৭ রানের মধ্যে। আট ব্যাটার দুই অঙ্কের রান করতে ব্যর্থ হয়েছে। স্বাগতিক জিম্বাবুয়ে ৪১০ রান করে। দলটির ওপেনার ইনোসান্টে কালা ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। টাইগার বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ৭ উইকেট নেন ১৩৮ রানের খরচে। এটাই টেস্টে নাজমুল বাহিনীর সেরা প্রাপ্তি। ২৭০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নাজমুল বাহিনীর বড় কোনো জুটি নেই।
শুধু চতুর্থ উইকেট জুটিতে ৬১ রান যোগ করেন অধিনায়ক নাজমুল ও মুশফিকুর রহিম। নাজমুল ৩০ ও মুশফিক ৩৪ রান করেন। টেস্ট সিরিজ শেষ। সফরে এখন তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।