এক ম্যাচ পরেই মাঠে নামলেন আর্লিং হলান্ড। গোল করলেন। জিতল তাঁর দল নরওয়ে। ডালাসে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-তে পা রাখল ভাইকিংরা। যেখানে হলান্ডদের প্রতিপক্ষ ব্রাজিল। জাপানকে হারিয়ে আগেই শেষ ১৬ নিশ্চিত করে ফেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডালাসের স্টেডিয়ামে বিশ্বকাপ বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো মঞ্চস্থ হয় আফ্রিকান হাতি ও ভাইকিংদের ফুটবলযুদ্ধ। এমন লড়াইয়ে শেষ হাসি হাসে নরওয়ে।
দুই দলই দারুণ শুরু করে। তবে ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল আইভরি কোস্টের জালে পাঠান অ্যান্টনিও নুসা। ২১ বছরের নুসা এখন মেজর কোনো টুর্নামেন্টে ভাইকিংদের হয়ে সবচেয় কম বয়সি গোলদাতা। তাঁর গোলে লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আফ্রিকান হাতিরা। অবশেষে বেঞ্চ থেকে নেমেই আবার জাদুকরি এক মুহূর্ত উপহার দেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো। ৭৪ মিনিটে বিশ্বকাপে তাঁর গোলে সমতায় ফেরে দল। তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেননি তাঁরা। ৮৬ মিনিটে চলতি বিশ্বকাপের নিজের পঞ্চম গোলে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেছে নরওয়ে। শেষবার ১৯৯৮ সালের আসরে খেলেছিলেন তাঁর বাবা আলফ ইঙ্গে হলান্ড। সেবার নরওয়ে রাউন্ড অব ১৬-তে ১-০ গোলের ব্যবধানে ইতালির কাছে হেরেছিল। দীর্ঘদিন পর বিশ্বমঞ্চে ফিরে এসেছে ভাইকিংসরা। গোলমেশিন হলান্ডের দারুণ পারফরম্যান্সে রাউন্ড অব ৩২-এ ওঠে নরওয়ে। গ্রুপ পর্বে হলান্ডের আলোতেই অনেকটা আলোকিত ছিল নরওয়ে। ইরাক ও সেনেগালের বিপক্ষে দুই ম্যাচে জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ফ্রান্সের বিপক্ষে তাঁকে বিশ্রাম দেন কোচ; ম্যাচটিও নরওয়ে হেরে যায় ৪-১ গোলে। নকআউটে আফ্রিকা অঞ্চল থেকে ৯টি দল জায়গা করে নেয়। এর মধ্যে মরক্কো টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে খেলা নিশ্চিত করেছে। আর দক্ষিণ আফ্রিকা বিদায় নিয়েছে স্বাগতিক কানাডার কাছে হেরে। এবার আইভরি কোস্ট।