সুন্দরবনের বনদস্যু দমনে পরিচালিত ‘অপারশেন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে বনদস্যু করিম শরীফ বাহিনী আরও দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বনদস্যুদের কবল থেকে উদ্ধার হয়েছে মুক্তিপণের দাবিতে অপহৃত চার জেলে।
রবিবার ভোরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী খাল এলাকায় মোংলা বেইস কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের এই অভিযানে জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবরু। আটক বনদস্যুরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার রবিউল শেখ (৩০) ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)। এদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশি একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমিয়াখালী খাল সংলগ্ন এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের পর তিন বনদস্যুকে আকট করা হয়। তখন ওই বাহিনী কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ৩টি একনলা বন্দুক, ১টি দেশি পিস্তল, ৪৯ রাউÐ তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেপটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনদস্যুদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রবিবার ভোর ৪টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী খাল এলাকার বনে চালানো হয় অভিযান। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে বনদস্যুরা। এক পর্যায় ধাওয়া করে দুই বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করতে সক্ষম হয় কোস্টগার্ডের আভিযানিক দল। জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ আটক বনদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উদ্ধার হওয়া চার জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম