বগুড়ার সোনাতলা উপজেলায় ঝড়ের সময় প্রায় দুইশ বছরের পুরোনো একটি পাকুড় গাছ ভেঙে বসতবাড়ির ওপর পড়ে তিনটি পরিবারের ছয়টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শিশুসহ দুজন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হুয়াকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ আকাশে মেঘ জমে বিদ্যুৎ চমকাতে থাকে। পরে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের ঝড়ে হুয়াকুয়া বাজার এলাকার পুরোনো পাকুড় গাছটি ভেঙে ফুলমিয়া, সানোয়ার ও আয়নালের বসতবাড়ির ওপর পড়ে।
এতে তিন পরিবারের ছয়টি ঘর এবং ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ফুলমিয়া ও তার নাতি। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা পিন্টু মণ্ডল বলেন, রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে পুরোনো পাকুড় গাছটি ভেঙে ঘরের ওপর পড়ে। এতে তিনটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস