স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করা বিএনপি কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে লালপুরে বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুর নিজ বাসভবনে দেখা করতে যান তিনি।
এ সময় গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবির নিচে কমেন্টে দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। কমেন্টে অনেকে দু’জনকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ছবিতে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মাথায় বুলিয়ে দোয়া করছেন। এসময় ছবিতে টিপুকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেস্বর কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বিডি-প্রতিদিন/মাইনুল