আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী এ মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংহতি আন্দোলন সূত্রে জানা যায়, বিরোধী দলগুলোর মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকিকে সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর ফলে আসনটি গণসংহতি আন্দোলনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর স্বার্থে বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে এ পর্যন্ত সর্বমোট ১৮টি মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ