নানা প্রতিবন্ধকতার মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক।
তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। দীর্ঘ ১৬ বছর যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, তারা এবার ভোটের মাধ্যমে সরকার গঠন করবেন। এই সরকার গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।
রবিবার (তারিখ) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু ও হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বিডি প্রতিদিন/হিমেল