ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান কার্যক্রম চলছে। রবিবার ঘন কুয়াশার মধ্যেও সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত জেলায় ১৭টি দলের ৫১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন আসনে আরও ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চাঁদপুর-৩ আসনের প্রার্থী এ এইচ এম আহসানুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পর প্রার্থীরা জানান, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকার আশা প্রকাশ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল