চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির সংসদ সদস্য পদে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। এর আগে একই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন চিঠি দেওয়া হয়েছিল।
মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গোলাম আকবর খোন্দকার জানান, রবিবার বিকালে তিনি চিঠি গ্রহণ করেন এবং এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। গত শনিবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় আসলাম চৌধুরীকে। একই দিনে চট্টগ্রাম-১০ আসনের পূর্বঘোষিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়।
চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পান প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।
বিডিপ্রতিদিন/কবিরুল