বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে স্বনির্ভর জাতি হিসেবে গঠন করতে প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি, স্বাস্থ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্ড প্রদান করা হবে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নারী-পুরুষের সাথে চা-চক্রের আড্ডায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, বিতরণ করা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার ও বীজসহ অন্যান্য সরঞ্জাম কিনতে পারবেন। স্বাস্থ্যকার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে। আর বড় ধরনের অসুখ হলে বড় চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রধান করা হবে। আর শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণের সাথে সরাসরি সাক্ষাতকার করতে পারিনি। সিরাজগঞ্জে আসলেও আমাকে বাসা থেকে বের হতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদের পতনের পর জনগণের দুঃখ কষ্টের কথা শুনতে পারছি। এ সময় তিনি নির্বাচনী আচরনবিধি মেনে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে এলাকার সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় অনুষ্ঠানে সদর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সহ-সভাপতি, মকবুল হোসেন চৌধুরী, সদর থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মিলন সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা যুবদলের সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদ্দুজ্জামান, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, শহর যুবদলের সাধারন সম্পাদক আল-আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল