ইসলামকে ক্ষমতায় আনার জন্য জোট করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
রবিবার রিটার্নিং কর্মকর্তার কাছে বরিশাল-৫ ও ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, এ বছর ইসলামী আন্দোলন জোট করেছে ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য। কাউকে ক্ষমতায় নেয়ার জন্য নয়। কোনো দল বা ব্যক্তিকে ক্ষমতায় নেয়ার জন্য ইসলামী আন্দোলন ছাড় দেয়নি।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ইসলাম পাগল, বাংলাদেশের পাগল। ক্ষমতার পাগল নয়। গোটা বাংলাদেশে যদি একটি সিটও না পায় তাতে কিছু যায় আসে না।
আট দলীয় জোটের কয়টি আসন চাইবেন জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ইসলামী আট দলের এক বাক্সের নীতি চরমোনাই পীর ঘোষণা করেছেন। এর আগে তো কেউ ঘোষণা করেনি। সেখানে আমরা সিট চাইবো কেন? এখানে কেউ কাউকে সিট দেবে না। সমঝোতার মাধ্যমে সিট নেয়া হবে। যেখানে যার ভালো অবস্থান রয়েছে, সেখানে সে নির্বাচন করবে। এই নীতিতে আমরা আছি।
বিডি প্রতিদিন/হিমেল