ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁর পক্ষে পুত্র ব্যারিস্টার শাহাদত বিন জামান শোভন মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন প্রস্তাবক ও সমর্থকসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরে নেতাকর্মীরা বলেন, এম. রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে রাজনীতি করে আসছেন। অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক খাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
বিডি প্রতিদিন/মুসা