গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনতার দলের প্রার্থী আজম খান। সোমবার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজম খান বলেন, এই নির্বাচন কেবল একটি আসনের নয়-এটি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনতার সরাসরি রায়। গত ৫৪ বছর ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে এবার মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।
তিনি আরও জানান, ‘জনগণ আর মুখোশধারী রাজনীতি চায় না। তারা চায় সৎ, ন্যায়নিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়, তবে এ ভোটই প্রমাণ করবে-রাজনীতিতে গুণগত পরিবর্তন অনিবার্য।
নির্বাচন কমিশনের উদ্দেশে আজম খান বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
যেকোনো ধরনের অনিয়ম, ভয়ভীতি ও সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটের অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এখন সময়ের দাবি।’
‘চাঁদাবাজ-ধান্দাবাজদের দিন শেষ, কলম দিয়ে লেখা হবে নতুন বাংলাদেশ’ স্লোগান দিয়ে তিনি বলেন, ‘গাজীপুর-৫ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং এই পরিবর্তনের অগ্রযাত্রায় তিনি আপসহীনভাবে জনগণের পাশে থাকবেন।
বিডি-প্রতিদিন/শআ