কুমিল্লা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি–তিতাস) আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা-৪ আসন থেকে জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী।
কুমিল্লা সদর আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন কাজী দ্বীন মোহাম্মদ।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন।
এছাড়া কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী হাজি জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/এমই