আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে ফেনী-২ (সদর) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা ও জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
মুফতি আবদুল হান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। ভবিষ্যতে জোটের প্রার্থীর পক্ষে কাজ করা হবে।
এর আগে একই দিন দুপুরে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া দীর্ঘদিন কাজ করেছেন এবং তিনি ফেনীতে জনপ্রিয়। আমাদের প্রতি সমর্থন জানিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেননি।
তিনি আরও বলেন, জোটের আলোচনার ভিত্তিতে এবং জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার অনুযায়ী যে সমঝোতা হয়েছে, তার আলোকে তাকেই এ আসনে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি বড় ত্যাগ।
বিডি-প্রতিদিন/সুজন