নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সোমবার বিকেলে তিনি নেতাকর্মীদের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ। আমি দ্বিতীয় জীবন পেয়েছি। তাই নির্বাচনে জয়ী হলে মানুষের সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। নির্বাচন যেন শান্তি ও শৃঙ্খলার মধ্যে হয় এবং কারচুপি না হয়, সেজন্য সাংবাদিকদের প্রতি নজরদারি করার আহ্বান জানাচ্ছি। আমি কোটি কোটি শুকরানা আদায় করছি যে মনোনয়ন জমা দিতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আরেকটি শুকরানা এই জন্য যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন। তার পরিকল্পনা যেন বাস্তবায়ন করা যায়, সেই দোয়া করি। নির্বাচনে জনমত যার আছে, তিনিই বা তারাই বিজয়ী হবেন। আমি সকলকে সাধুবাদ জানাই।’
লুৎফুজ্জামান বাবর নির্বাচনে তার এলাকায় মাদক নির্মূলে কঠোর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই আসনে বিকেলে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/মাইনুল