ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে।
মনোনয়নপত্র দাখিলের পর গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, জনগণের সচেতনতা ও ধারাবাহিক আন্দোলনের ফলে দেশে গণতন্ত্র ফেরানোর পথ তৈরি হচ্ছে। মানুষ এখন আর অধিকার হরণ মেনে নিতে প্রস্তুত নয়। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছে এটাই বর্তমান বাস্তবতা।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করা হবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল