প্রাথমিকভাবে মনোনয়ন পেয়ে চূড়ান্ত তালিকায় বাদ পড়ায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে যশোরের শার্শায় বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার স্টেডিয়াম চত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে আবেগ বিজড়িত কণ্ঠে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আশির দশকে ছাত্র রাজনীতি দিয়ে বিএনপির সাথে জীবনের অর্ধেকের বেশি সময় পার করেছি। এই দীর্ঘ সময়ে কখনো অসৎ পথ অবলম্বন করিনি। শার্শার মানুষের ভালোবাসা নিয়ে কাজ করে গেছি। শার্শার মানুষের প্রাণের দাবি তাদের নেতাকে তারা সংসদে দেখতে চায় বলে আজ এই মাঠে জমায়েত হয়েছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি পথ চলতে চাই।
গণজমায়েতে আরও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি শাহবুদ্দিন আহমদ, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।
গণজমায়েত শেষে বিকেল সাড়ে ৪টার সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের কাছে মনোনয়ন পত্র জমা দেন মফিকুল হাসান তৃপ্তি।
মনোনয়ন পত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মনোনয়ন পরিবর্তন করা হয়েছে, তা আমি পত্র পত্রিকায় দেখেছি। আমাকে কোনো চিঠি দিয়ে জানানো হয়নি। দলের প্রতি এবং আমার নেতা তারেক রহমানের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। আমি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। শেষ সময় পর্যন্ত আমি আমি অপেক্ষা করব। আমার বিশ্বাস দলের প্রতি ত্যাগ এবং অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার মনোনয়ন পুনর্বহাল করবেন।
বিডি প্রতিদিন/কেএ