বাবা-মা, দাদা-দাদির কবর জিয়ারত শেষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি মুরাদনগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী জুননুন বসরী ও কাজী শাহ আরেফীন। উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
মনোনয়ন ফরম জমা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করেছেন, আমাদেরকেও বিজয় দান করবেন, ইনশাআল্লাহ। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রেখেছে। আশা করি, এভাবেই তারা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তবে একটি ইসলামি দলের লোকেরা ফেক আইডি, পেজ খুলে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে, এটি দুঃখজনক। ইসলামি দলগুলো থেকে এমন কর্মকাণ্ড আমরা আশা করি না। সাংবাদিকরা জাতির বিবেক। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক।
বিডি প্রতিদিন/কেএইচটি