আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১২ জন। এর মধ্যে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামি সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিজ আলম মনোনয়নপত্র দাখিল করেন।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাগপা নেতা আল রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির (বিএসপি) আব্দুল ওয়াদুদ বাদশা মনোনয়নপত্র জমা দেন।
এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনসহ মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সময়মতো পৌঁছাতে না পারায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
অন্যদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল্লাহ সুফী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়নপত্র জমা দেন।
এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও খেলাফত মজলিসের প্রার্থী আবুল কাশেম শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি।
বিডি-প্রতিদিন/সুজন