ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রচারণার দিন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিছিলটি শহরে খানপুর হাসপাতাল থেকে শুরু করে শীতলক্ষ্যা বাপ্পী সড়ক পর্যন্ত নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়।
এই গণমিছিলটিকে কেন্দ্র করে নেতাকর্মীসহ জনসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। সেই সাথে প্রায় পুরো শহরজুড়েই নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো।
বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আপনারা আমাকে ভালবাসলে ধানের শীষকে ভালবাসুন। আপনারা বেগম খালেদা জিয়ার ত্যাগকে সম্মান জানাতে হলে এ নির্বাচনটি উৎসর্গ করতে হবে। তারেক রহমান সকলকে হারিয়েছেন। আমরাই তার আত্মীয় স্বজন। ধানের শীষ অক্ষুন্ন থাকবে।
তিনি আরও বলেন, আমরা সকলে জানি আগামী ১২ তারিখে নির্বাচন। আমরা সকলে ধানের শীষকে বিজয়ী করবো। ধানের শীষ আপনাদের হৃদয়ের মার্কা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত ১৭ বছর নেতৃত্ব দিয়ে আমাদের আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। এই দীর্ঘ যাত্রায় অনেক আত্মত্যাগ স্বীকার করেছি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম আহবায়ক ফতেহ আলী রেজা রিপন ও আবুল কাউসার আশাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএম