ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু এবং পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে। এ সময় তারা চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম