গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এই নির্বাচনী শোডাউনকে কেন্দ্র করে গোটা জেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়। হাজার হাজার নারী-পুরুষ, তরুণ ও যুবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোপালগঞ্জের রাজপথ।
দুপুরের দিকে গোপালগঞ্জ শিশু পার্ক থেকে ডা. বাবরের নেতৃত্বে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল প্রার্থীর ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে দেওয়া মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
শোভাযাত্রা চলাকালে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ডা. বাবর হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণও তাকে উষ্ণ অভিবাদন জানায়। এর আগে সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সোয়ান গ্রুপের কর্ণধার খবির উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ওয়াহেদুল হক মোল্লা, সদস্য তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য সচিব মাহমুদ হাসান, শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ, জাসাস গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যাকারিয়া ইসলাম ধীরাজ, সদস্য সচিব মাসুদ মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল শেখ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডা. কে এম বাবরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বক্তব্যে ডা. বাবর গোপালগঞ্জবাসীর উদ্দেশে বলেন, আগামী পাঁচটি বছর আপনাদের সেবক বা খাদেম হিসেবে কাজ করার সুযোগ চাই। আমাকে একবার ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
বিডিপ্রতিদিন/কবিরুল