কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দৃঢ় প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রাম জেলায় নির্বাচনি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
ব্রিফিংকালে তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের জন্য জোরালো নির্দেশ প্রদান করেন।
পূর্বের থেকে আরও বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করতে হবে বলে সবাইকে নির্দেশ প্রদান করে পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়, এমন কাউকেই কোনোভাবেই ছাড় দেয়া হবে না। নির্বাচন উপলক্ষ্যে জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অব্যাহত আছে নিরবিচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ