ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নির্বাচনি এলাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে দৌলতদিয়া ফেরিঘাটে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ফেরিঘাটে মোটরসাইকেল, যাত্রীবাহী বাসসহ মাইক্রোবাসে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে তাদের গন্তব্যে রওনা হচ্ছে। ফেরিঘাট ছাড়ও লঞ্চে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ও শনিবার ছুটি রয়েছে। টানা চারদিনের ছুটির কারণে বাড়ি ঘেরা মানুষের ঢল নেমেছে।
মঙ্গলবার দুপুরে ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ৭নং ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের ভিড় রয়েছে। দীর্ঘদিন পর ফেরিঘাটের এমন ভিড়ের কারণে ঘাট এলাকায় ব্যবসায়ীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেরিভর্তি মানুষ আর যানবাহনের লাইভ করছেন।
সাভার থেকে আসা পোশাক শ্রমিক আব্দুল্লাহ রনি বলেন, ভোট দিতে গ্রামের বাড়ি মাগুরা যাচ্ছি। বাসে করে বাড়িতে যাচ্ছি। এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হলে সোমবার আবার ফিরে আসবো।
গাজীপুর থেকে আসা মোটরসাইকেল চালক প্রশান্ত সাহা বলেন, এবার ভোটের জন্য সরকার ছুটি দিয়েছে। আমি ভোট দিতে বাড়ি যাচ্ছি। ভোট উপলক্ষে কয়েকদিন ছুটি কাটাতে পারবো।
তবে লোকাল বাসে আসা যাত্রীরা অতিরিক্ত ভাড়ার ব্যাপারে অভিযোগ করেন।
আইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার রাত থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ রয়েছে। তবে ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।
বিডি-প্রতিদিন/জামশেদ