ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করার লক্ষ্যে সহিংসতারোধে লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ভয়ভীতি ছাড়াই ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।
এর অংশ হিসেবে আজ মঙ্গলবার পৌরশহরসহ জেলার বিভিন্ন স্থানে সেনা, নৌ, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন।
ইতিমধ্যে নির্বাচনি সরঞ্জামাদি উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনের মধ্যে ৪৯৬টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ২১৫টি ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের বডি অর্ন ক্যামেরা সেটআপ করা হয়েছে।
জেলা পুলিশ বিভাগ থেকে জানানো হয়, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশের ৩ সদস্যসহ প্রশাসনের অন্য বাহিনীর সদস্যরা কাজ করবেন। পুলিশের ৩৫টি বিশেষ টিম, সাড়ে ৬ হাজার আনসার, ৮৮ জনের স্পেশাল ফোর্স, ১০ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র্যাব ও সেনা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়, লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জনপদে মোট ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন ভোটার ভোটার রয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ