ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আটটি আসনে ১ হাজার ৬৩ টি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ১৮ হাজার ৮৯৬ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্য ২ হাজার ৪২৫ জন, বিজিবি ৩৮০ জন, সেনাবাহিনীর সদস্য ২ হাজার জন এবং আনসার সদস্য ১৩ হাজার ৮১৯ জন, র্যাব সদস্য ৮০ জন, বেটেলিয়ন আনসার ১৯২ জন তাদের দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণের পরিবেশ স্বাভাবিক রাখতে ৬৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে যৌথবাহিনী টহলে থাকবেন।
এ ছাড়াও ভোটের দিন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোট জালিয়াতি রোধে পুরো জেলা জুড়ে দুই হাজার ৩৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি বুথ ও ভোটকেন্দ্রের ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা। এতে ভোট কারচুপি, কেন্দ্র দখল বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৮টি আসনে মোট ভোটার ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন।
এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। জেলার আটটি আসনে এক হাজার ৬৩টি ভোটকেন্দ্রের ৬ হাজার ৩৪১টি বুথ(কক্ষ) রয়েছে। এর মধ্যে ১৬০টি কেন্দ্রকে ‘ঝুঁঁকিপূর্ণ’ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ৯০৩টি কেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দূরবর্তী, যানবাহন আসা-যাওয়ার অসুবিধা, দুই দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং প্রার্থীর বাড়ির সামনে কেন্দ্র বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের সব কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনে সব কেন্দ্রেই পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশা করছি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রতিটি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, যে কোন বিশৃঙ্খলা দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় যৌথবাহিনীর টহল চলমান রয়েছে। ইতোমধ্যে টাঙ্গাইল জেলার আটটি আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো বিশেষ নজরদারিতে রাখা হবে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।
বিডি-প্রতিদিন/তানিয়া